ধর্মপ্রাণ মুসলিমের জন্য শান্তি ও সমৃদ্ধির বার্তা নিয়ে আসে পবিত্র মাহে রমজান।
মুসলিম উম্মাহর জন্য এ মাস মহান আল্লাহর নৈকট্য ও পাপ থেকে মুক্তিলাভের পথ সুগম করে। এ মাস মানুষকে সংযমের শিক্ষা দেয়। মানব মনের অন্তর্নিহিত কলুষতাকে পরিহার করে আল্লাহতায়ালার সত্য ও সঠিক পথে আহ্বান জানায়।
ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি হলো রোজা। মূলত মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সুবেহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার, নির্দিষ্ট কিছু কার্যাদি ও গুনাহ থেকে বিরত থাকা এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার প্রক্রিয়াই সাওম নামে পরিচিত।
পুরো রমজান মাসকে আল্লাহতায়ালা বিশেষ ফজিলত ও সাওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন।
রমজান মাস আল্লাহতায়ালার কাছে এতটাই প্রিয় যে, এ মাসে ইবাদতের সাওয়াব অন্য যে কোনো সময়ে ইবাদতের অপেক্ষা বহুগুণ বেশি।
বিজ্ঞানে দৃষ্টিতে রোজার শারীরিক উপকারিতার সঙ্গে রয়েছে মানসিক উপকারিতাও। রোজা যেহেতু ধর্মীয় একটি ইবাদত তাই নিয়মিত রোজা রাখার ফলে মানসিক প্রশান্তি অনুভব করা যায়।
রমজান মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়। তাই এ মাসের ফজিলত জেনে একনিষ্ঠভাবে আল্লাহর বিধান পালনে সচেষ্ট হওয়া এবং এ সংযমের শিক্ষাকে পরবর্তীকালে জীবনধারণের নীতিমালা হিসাবে পালন করা একজন প্রকৃত মুসলিমের কর্তব্য। মহান আল্লাহ আমাদের সবাইকে মাহে রমজানের পরিপূর্ণ ফজিলত হাসিল করার তৌফিক দান করুন।
----
লেখক:: সম্পাদক: দক্ষিণ বাতায়ন