NewsPaper published: ০৫ আগস্ট, ২০২৬, ০২:৪৮ এএম

বিশেষ প্রতিনিধ : শফিকুল ইসলাম শফিক
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কালাগড় এলাকায় পাহাড়ি ঢলের প্রবল চাপে একটি কালভার্ট ভেঙে পড়েছে। এতে মহিষখলা-কালাগড় এবং নেত্রকোনার কলমাকান্দাগামী গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয়রা জানান, গত ২ আগস্ট দিবাগত রাত ২টার দিকে মহিষখলা সেতুর উত্তর পাশে থাকা কালভার্টটি হঠাৎ ধসে পড়ে। ফলে সড়কের বড় একটি অংশ এখন ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে।
ঘটনাস্থল ঘুরে দেখা গেছে, বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় স্থানীয়রা কাঠের তক্তা দিয়ে অস্থায়ী পারাপারের ব্যবস্থা করেছেন। কিন্তু সেটিও খুবই ঝুঁকিপূর্ণ। প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা নিয়েই শিক্ষার্থী, চাকরিজীবীসহ সাধারণ মানুষ যাতায়াত করছেন। এখনো পর্যন্ত কালভার্ট মেরামতে কোনো স্থায়ী পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ এলাকাবাসীর।
স্থানীয় বাসিন্দা বাদশা মিয়া বলেন,
"এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ কালাগড় ও কলমাকান্দা যাতায়াত করেন। কালভার্ট ভেঙে যাওয়ায় আমাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিক।"
একই এলাকার বাসিন্দা মো. সাইফুল ইসলাম জানান,
"এই সড়কের পাশেই মহিষখলা উচ্চ বিদ্যালয়, দাখিল মাদ্রাসা ও ব্যাংক রয়েছে। হাজারো শিক্ষার্থী ও অভিভাবক এই পথ ব্যবহার করেন। দ্রুত সংস্কার না করা হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।"
এলাকাবাসীর দাবি, মহিষখলা-কালাগড় সড়কটি উত্তর বংশীকুন্ডার কয়েকটি গ্রাম এবং নেত্রকোনার কলমাকান্দার সাথে যোগাযোগের প্রধান মাধ্যম। তাই জনদুর্ভোগ কমাতে ক্ষতিগ্রস্ত কালভার্টটি দ্রুত পুনর্নির্মাণ এবং নিরাপদ চলাচলের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।